কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে টেকনাফ থানার নাজিরপাড়া সংলগ্ন নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








