বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিনোদনজগতে। এরপর থেকেই বলিউড অভিনেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুধু তারকাদের ব্যক্তিগত নিরাপত্তাই নয়, তাদের দেখতে ভিড় জমানো ভক্তদের সুরক্ষাও যে সমান গুরুত্বপূর্ণ, সে কথা মনে করিয়ে দিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।
সম্প্রতি এক অনুষ্ঠানের মঞ্চে টাইগারের উপর হামলার প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
টাইগারের উপর হামলার ঘটনায় উদ্বেগে রয়েছেন অনন্যাও। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, এর পর থেকে নিরাপত্তার বিষয়টি নিয়ে সকলেই আরও বেশি সতর্ক হবেন। কারণ, বিষয়টি শুধু অভিনেতার নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। কোনও তারকাকে ঘিরে যখন বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে, তখন সেই প্রত্যেকের নিরাপত্তার কথাও ভাবতে হয়।’’
তবে নিরাপত্তার কারণে অভিনেতা ও অনুরাগীদের মধ্যে দূরত্ব তৈরি হোক, তা একেবারেই চান না অনন্যা।
তার কথায়, “একজন অভিনেতার কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত হল, যখন কোনও দর্শক তার কাছে এসে জানান যে, পর্দায় অভিনীত কোনও চরিত্রের মধ্যে তিনি নিজের জীবনের ছায়া খুঁজে পেয়েছেন।’’
তিনি বলেন, ‘‘দর্শকের সঙ্গে এই যোগাযোগটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। তাই নিরাপত্তার কারণে অভিনেতা ও দর্শকের মধ্যে এই সম্পর্ক নষ্ট হয়ে যাক, তা আমি কখনওই চাইব না। তবে শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ।’’
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে একটি ফুটবল ক্লাব থেকে বেরনোর সময় হামলার মুখে পড়েন টাইগার। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা, তবে তার গাড়ির চালক এবং এক ভ্লগার আহত হন।
এই ঘটনার পর বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








