জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কৃষকদের জন্য ন্যায্য অর্থায়ন, সরাসরি অনুদান এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে নাটোরের সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চলনবিলে প্রায় ২০০ বছরের পুরোনো বটগাছ প্রাঙ্গণে নারী কৃষক অধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘কৃষক থেকে ক্রেতা’ ব্যানারে দিনব্যাপী উন্মুক্ত পণ্য প্রদর্শনী ও বাজার কার্যক্রমের আয়োজন করা হয়।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ শীর্ষক সপ্তাহব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, ফিডা নিউজ, ইনডিপেনডেন্ট রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি নেটওয়ার্ক (প্রাণ) এবং কৃষক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে ফসলের ক্ষতি ও উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকদের বাস্তব সংকট যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এফএও ও ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন অর্থায়নের চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হলেও এ খাতে বরাদ্দ মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, কপ-৩১-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার বা বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত আসেনি। আগামী ২০ নভেম্বর সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কৃষি ও খাদ্যব্যবস্থার চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দের দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে কৃষকদের ঋণের পরিবর্তে অনুদান দেওয়া, সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষকদের হাতে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। বাংলাদেশের প্রতিনিধিদলকে এসব প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরারও অনুরোধ জানান অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ মালাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নারী কৃষক ও স্থানীয় কৃষকেরা অংশ নেন।
মেহনাজ মালা বলেন, “কৃষকের খবর না নিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত না রেখে কোনো রূপান্তর হতে পারে না। জলবায়ু মোকাবিলার নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকদের কার্যকর অংশগ্রহণ।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








