ঢাকার ধামরাইয়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে শাকিবুল হাসান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা ও ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বাথুলি স্কেল এলাকায় ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








