রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে। এ সময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
তিনতলা ওই বাড়িতে রাতভর ‘ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার’ চলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ। তাদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।
ডিবি সূত্রের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসত। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বাড়িটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনার পর বিকেলে অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে প্রত্যাহার করে ওএসডি করার আদেশ জারি করা হয়েছে। তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









