‘কফি উইথ করণ’র নবম সিজনের আগামী পর্বে রাশমিকা মান্দানাকে বিয়ের প্রস্তাব দেওয়ার নেপথ্যের কাহিনি শোনাবেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতা জানিয়েছেন, সাধারণত এমন রোমান্টিক মুহূর্তের পরিকল্পনা তিনি করেন না। তবে রশ্মিকার জীবনে বিয়ের প্রস্তাব স্মরণীয় হয়ে থাকুক, তা চেয়েছিলেন তিনি।
সেই কারণে ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলেন বিজয়। কিন্তু মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় তার সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
বিজয় বলেন, “আমি চাইনি, রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়াকে ঘিরে কোনও গল্পই না থাকুক।”
গত ডিসেম্বরে তাদের ইতালি সফরের কথা মনে করে অভিনেতা বলেন, “আমি এমনিতে এই ধরনের রোমান্টিক কাজ করি না। কিন্তু শুধু আমার স্বভাবের জন্য রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার কোনও স্মৃতি থাকবে না, এটা চাইনি। ইতালিতে ওকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো আংটি খুঁজে পাইনি।”
করণ জোহরের অনুষ্ঠানে বিজয় আরও জানান, উদয়পুরে তাদের বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনেই রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
সেই প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট করে বলেন, “উদয়পুরে আমাদের বিয়ের প্রথম দিনেই আমি ওকে প্রস্তাব দিয়েছিলাম। সে দিন ছিল সঙ্গীতের অনুষ্ঠান।”
বিজয় জানান, সঙ্গীতের অনুষ্ঠান শেষ হওয়ার পরে প্রস্তাব দেওয়ার মুহূর্তে বন্ধুদেরও পাশে চেয়েছিলেন তিনি। তাই সকলকে এক জায়গায় জড়ো হতে বলেন। সেই বিশেষ মুহূর্তের স্মৃতিচারণা করে অভিনেতা বলেন, “আমি হাঁটু মুড়ে বসে ওকে বিয়ের প্রস্তাব দেই। আমি চাইনি, জীবনের সেই বিশেষ মুহূর্তটা ওর কাছ থেকে কেড়ে নিতে।”
২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। তার আগে ২২ ফেব্রুয়ারি আলাদা আলাদা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিয়ের খবর জানান।
২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই বিজয় ও রাশমিকার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন তারা। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









