জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আজিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আজিজুল ওই গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে আজিজুলের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল শিশুটি। একপর্যায়ে আজিজুল তার মেয়েকে দোকানে পাঠিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
পরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আজিজুলের বাড়িতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









