মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় তিনি শহরের শাপলাবাগ এলাকার স্বরলিপি সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও উপজেলা বিএনপির নেতারা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি। সিলেট বিভাগের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি ও হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির প্রেরণা জোগাতে হবে। সবার আগে বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









