চাহিদামতো সার না পেয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
কৃষকেরা জানান, ভুট্টার আগাম চাষের মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে তারা বিপাকে পড়েছেন। সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে ফসলের বৃদ্ধি ও ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা। দীর্ঘদিন চেষ্টা করেও সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।
পাটিকাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষক একরামুল বলেন, প্রয়োজনের সময় সার না পেলে কৃষক ও তাদের পরিবারের জীবিকা হুমকিতে পড়বে। প্রয়োজনে খোলাবাজারে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিয়েও সার কিনতে রাজি আছেন তাঁরা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ঘুরেও সার না পেয়ে বাধ্য হয়ে সড়কে নেমেছেন কৃষকেরা।
চরাঞ্চলের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক মমিনুর ইসলাম বলেন, ডিলারের মাধ্যমে সার বিতরণ বন্ধ করে খোলাবাজারে সরবরাহের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের ন্যায্যমূল্যে সার দেওয়া নিশ্চিত করতে হবে।

কৃষক আজিজুল ইসলাম বলেন, ভুট্টার জমিতে সময়মতো সার প্রয়োগ করতে না পারলে গাছের বৃদ্ধি ও ফলন ক্ষতিগ্রস্ত হয়। সারা বছর তাঁদের সংসার চলে ভুট্টা চাষের আয়ে। তাই দ্রুত সার সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-অর রশিদ বলেন, সার বিতরণের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। বিতরণ শেষ করতে কিছুটা সময় প্রয়োজন। প্রয়োজনে আগামী মাসের বরাদ্দ থেকেও সার দেওয়া সম্ভব। বর্তমানে ছয়টি ওয়ার্ডে সার বিতরণ চলছে। আগামী দুই দিনের মধ্যে বিতরণ শেষ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন মিত্র বলেন, কৃষকদের ধৈর্য ধরতে অনুরোধ করা হয়েছে। পর্যাপ্ত সার রয়েছে এবং যাঁদের সার কার্ড আছে, তারা সবাই সার পাবেন। কৃষকেরা আশ্বাসে সাড়া দিয়ে সার কার্ড জমা দিয়েছেন। পরবর্তী সময়ে কার্ডের মাধ্যমে সার বিতরণের চেষ্টা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









