ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট নগরের তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ফায়ার সার্ভিসের সেবাপ্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে গঠিত একটি কমিটির সভাপতি হিসেবে তিনি সেবার মান উন্নয়ন ও প্রক্রিয়া সহজ করার বিষয়ে কাজ করছেন।
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নাগরিকসেবা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে হবে। সিলেটের অনেক মানুষ দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকায় উন্নত বিশ্বের নাগরিকসেবা সম্পর্কে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশের তিন বছর পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের কথা উল্লেখ করে তিনি বলেন, এ উত্তরণের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিকসেবা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি।
সিলেট সদর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ নির্ধারিত ১৫ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, কোনোভাবেই যেন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের বাইরে না যায়।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং গণপূর্ত অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









