কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে সেগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অস্ত্রগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
সীমান্ত দিয়ে অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









