মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের এক দফা দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আকস্মিক এই আন্দোলনের কারণে মিরপুর ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে নয়টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে। তবে কোন কোন গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছে সে বিষয়টি বলতে পারেননি তিনি।
পুলিশ জানায়, সকালের দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক তাদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর-১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িক ব্যাহত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









