নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমীন। নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও শহরে দেলাওয়ার হোসেনের বাসভবনে যান মির্জা ফয়সাল আমীন। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জানা যায়, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন মির্জা ফয়সাল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমীন বলেন, ‘নির্বাচন শেষ, এখন সবাই এক। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’
এ সময় দেলাওয়ার হোসেন নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনগণ তাঁকে নির্বাচিত করেছে। এলাকার উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।
নির্বাচনের পর দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর এমন সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও জনস্বার্থে পারস্পরিক সহযোগিতার এমন উদ্যোগ রাজনৈতিক সম্প্রীতির বার্তা বহন করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









