বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, স্টুডেন্ট এক্সচেঞ্জ ও স্কলারশিপের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চালু হয়েছে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (OIA)। আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়াতে নতুন এ দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ষষ্ঠ তলায় স্থাপিত দপ্তরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য-সচিব মো. মাহমুদুল হক সানুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধন উপলক্ষে দপ্তরের কার্যালয় ও আশপাশের এলাকা রঙিন বেলুন ও ফিতা দিয়ে সাজানো হয়। উদ্বোধনের পর অতিথিরা কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, OIA-এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ করা, দেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট এক্সচেঞ্জ ও স্টাডি অ্যাব্রোড প্রোগ্রামের সুযোগ তৈরি এবং ক্রেডিট ট্রান্সফার কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি স্বল্পমেয়াদি শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি বাস্তবায়নেও কাজ করবে দপ্তরটি।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য দেওয়ার দায়িত্ব পালন করবে OIA।
দপ্তরটিতে কর্মকর্তা ও দর্শনার্থীদের জন্য সুসজ্জিত অফিসকক্ষ, দিকনির্দেশনা বোর্ড, আধুনিক কনফারেন্স ও অপেক্ষাগার এবং নারী-পুরুষের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, নতুন এ দপ্তরের মাধ্যমে মাভাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং ক্যাম্পাসে বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









