নাটোরের লালপুরে অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেডে ২০২৬-২৭ অর্থবছরের ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে শুক্রবার (৩০ অক্টোবর)। এ মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
মিল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬ দশমিক ৫০ শতাংশ চিনি আহরণের হার (রিকভারি) অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬১ শতাংশ রিকভারিতে ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল।
এদিকে নতুন মাড়াই মৌসুমে আখের দাম কুইন্টালপ্রতি ২৬ টাকা বাড়ানো হয়েছে। আগের ৬২৫ টাকা থেকে বাড়িয়ে এবার আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫১ টাকা। এতে আখচাষিরা আগের তুলনায় বেশি দাম পাবেন।
নর্থবেঙ্গল সুগার মিলের আওতাধীন এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের অন্যতম প্রধান অর্থকরী ফসল আখ। মিলের কাঁচামাল উৎপাদনের সঙ্গে প্রায় ১৫ হাজার ইক্ষুচাষি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এসব পরিবারের জীবিকা নির্বাহে আখচাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কৃষকদের উন্নত ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনে উৎসাহিত করতে প্রতি বছর প্রায় ১৫ কোটি টাকা মূল্যের কৃষি উপকরণ ঋণ হিসেবে বিতরণ করে মিল কর্তৃপক্ষ। পাশাপাশি উৎপাদিত আখের মূল্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হয়। এতে কৃষকদের আর্থিক লেনদেন সহজ হওয়ার পাশাপাশি মিল এলাকার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মিলের কেইন কেরিয়ার চত্বরে মিলাদ মাহফিলের মাধ্যমে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে চিনির উৎপাদন বাড়ার পাশাপাশি আখচাষিদের আর্থিক অবস্থার উন্নয়ন হবে এবং মিল এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









