পটুয়াখালীর লেবুখালী-বাউফল-গলাচিপা ও আমড়াগাছিয়া সড়কের (জেড-৮৮০৬) ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ‘৯ম চীন মৈত্রী বগা সেতু’-র সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে মন্ত্রী প্রস্তাবিত সেতু এলাকাটি ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সেতুটির গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা মন্ত্রীর সামনে তুলে ধরেন।
সেতু বিভাগের তথ্য অনুযায়ী, লোহালিয়া নদীর ওপর নির্মিতব্য এই সেতুর প্রাথমিক নকশা ও পরিমাপ দৈর্ঘ্য: ১.৩৪৮ কিলোমিটার প্রস্থ: ১৫.০২ মিটার মূল সেতুর পাশাপাশি থাকবে আধুনিক সংযোগ সড়ক (Approach Road) ও প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো।
পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে যে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন চলছে, এটি তারই অংশ। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পাশাপাশি শিশু আবিরার ‘বগা সেতু চাই’ ভিডিও বার্তাটি আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শেষেই দ্রুত এই মেগা প্রকল্পের বাস্তব কাজ শুরু করা হবে।
ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং স্থানীয় কৃষি পণ্যের পরিবহন সহজ হবে। দক্ষিণাঞ্চলের পর্যটন খাতে এই সেতু নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী (সংসদ সদস্য, পটুয়াখালী-১ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী) ড. সফিকুল ইসলাম মাসুদ (সংসদ সদস্য, পটুয়াখালী-২, বাউফল) সেতু বিভাগের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে স্থানীয় সূত্র জানায়, মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগাপ্রান্তে উপজেলা বিএনপির একটি পক্ষ অবস্থান নিলেও নিরাপত্তাজনিত কারণে সেখানে মন্ত্রীর গাড়ি বহর থামেনি। পরবর্তীতে মন্ত্রী চরগরবদি ইসলামি দাখিল মাদ্রাসা মাঠে নির্মাণাধীন লোহালিয়া নদীতে সেতুর অ্যাপ্রোচ সড়কের নিকটবর্তী সমাবেশে অংশ নেন।
সেখানে ব্যানার ও দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একাংশের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিদর্শন কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ীই সম্পন্ন হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









