হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (২০ মে) দুপুরে র্যাব ৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কয়েকজন ব্যক্তি যাত্রী ছাউনির পাশে মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়। তাদের কাছে থাকা তিনটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তম মুন্ডা (২৯), পিতা- ফান্ড মুন্ডা এবং দিলীপ কুরমী (৩৫), পিতা- মৃত কার্তিক কুরমী। তারা উভয়েই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানের বাসিন্দা।
র্যাব জানায়, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









