“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বীরগঞ্জ স্টেশন অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমা খাতুন।
এ সময় ফায়ার সার্ভিসের লিডার মো. হারুনুর রশিদসহ মোট ২৭ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি স্টেশন অফিস এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
র্যালিতে অগ্নি নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা সম্পর্কে অতিথি ও সাধারণ মানুষকে ধারণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









