নীলফামারীর সৈয়দপুর শহরে মাদকব্যবসায়ী ও মাদকসেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সর্বদলীয় নেতৃবৃন্দ, সুধীজন ও স্থানীয় সচেতন এলাকাবাসীর অংশগ্রহণে এক বিশাল মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) রাত ১০টায় শহরের গোলাহাট ২নং ওয়ার্ডের কবরস্থান গেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ওই সমাবেশে শত শত মানুষ অংশ নেন।
“হয় মাদক ছাড়, নইলে এলাকা ছাড়া” স্লেগানে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে প্রতিটি পরিবার, পাড়া-মহল্লা ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানের আয়োজন করে গোলাহাট ২নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসী। সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান মন্টু।
সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জামায়াতে ইসলামীর শহর আমীর শরফুদ্দিন খান, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক আফজাল রিনু, সাধারণ সম্পাদক রূপা, শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন এবং বিশিষ্ট সাংবাদিক শাহবাজ উদ্দিন সবুজ, সাবেক ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা, পৌর কর্মচালী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন শাহ।
এছাড়াও বক্তব্য দেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ সরকার, সিনিয়র সহ-সভাপতি আজহার, সহ-সভাপতি ডা. আলী, ২নং ওয়ার্ড জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহিদ শামিম, সদস্য মো. জাভেদ, স্বেচ্ছাসেবী ইমরান হোসেন সুলতানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসরার আনসারী সাজু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নওশাদ আনসারী।
সমাবেশে প্রধান বক্তারা বলেন, মাদক এখন সমাজের সবচেয়ে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে, পরিবার ভাঙছে এবং এলাকায় বাড়ছে অপরাধ কর্মকান্ড। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।
বক্তারা আরও বলেন, যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য এটাই শেষ সতর্কবার্তা। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে সামাজিকভাবে বয়কট করবে এবং প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমাবেশে প্রায় ২০ জন চিহ্নিত মাদকব্যবসায়ীর তালিকা প্রকাশ করা হয়। এ সময় বক্তারা তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হয় মাদক ছাড়তে হবে, নইলে এই এলাকা ছাড়তে হবে।
আয়োজক রকি, সামিউল, রাজা, জীবন, ফারুক, ইকবালসহ অন্যান্যরা জানান, আমাদের এলাকায় মাদক অস্বাভাবিক বেড়ে যাওয়া এলাকার সচেতন মানুষদের নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং এই আয়োজনের মাধ্যমে মাদকব্যবসায়ীদের কড়া বার্তা দিয়ে জানাচ্ছি হয় মাদক ছাড়, নইলে এলাকা ছাড়। কোন মতে এলাকায় মাদক কারবার আর সহ্য করা হবে না।
শেষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









