ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে রাত ৩টার দিকে সেটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে মাঝপথে কয়েকটি ট্রেন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সাফদারপুর রেল স্টেশনের মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার পর পরই খুলনা থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়। সকাল ৭টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় সকাল ৮টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









