ময়মনসিংহের গফরগাঁওয়ে মাথাবিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামে শাহ ভিটা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, বুধবার (২০ মে) রাতে কোনো এক সময় নির্জন জঙ্গলে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের এক যুবক প্রকৃতি ডাকে সাড়া দিতে পরিত্যক্ত শাহ ভিটার জঙ্গলে যায়। এসময় জঙ্গলের ভেতরে গাছের সাথে দু’হাত বাঁধা যুবকের মাথাবিহীন মরদেহ দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে শাহ ভিটায় জড়ো হয়।
নিহত যুবকের পরনের শার্ট ও গেঞ্জি দিয়ে গাছের সঙ্গে দু’হাত বেঁধে হত্যা করে দুর্বৃত্তরা। যুবকের বাম হাতে ঘড়ি ও পরনে প্যান্ট ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা নুরুল কবির জানান, এ ঘটনার বেশ কয়েক বছর আগে এখানে আরও একটি হত্যার ঘটনা ঘটে। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ পাল জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









