নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি খাল পুনঃখনন এবং ভূমি পল্লীর উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন নাসিক প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান ।
বৃহস্পতিবার (২১ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দোয়ার মাধ্যমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের দশপাইপ থেকে মিজমিজি পাগলাবাড়ি পর্যন্ত খালের পুনঃখনন, ৭নং ওয়ার্ডের কদমতলী খালের পুনঃখনন এবং ৪নং ওয়ার্ডের ভূমি পল্লীর উন্নয়ন কাজ।
জানা গেছে, রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) -এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির চুক্তিমূল্য ধরা হয়েছে ১৯ কোটি টাকা। এর আগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।
মো. শাখাওয়াত হোসেন খান বলেন, “জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পাশাপাশি ভূমি পল্লীর উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা উন্নত নাগরিক সুবিধা পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, “বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণ করতে চায়। এ লক্ষ্যে প্রায় ১ হাজার ৬৯৬ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার আওতায় নারায়ণগঞ্জের পুরোনো পানির লাইনগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে রাস্তা খোঁড়াখুঁড়ি কম হবে এবং দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









