রায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দিবাগত গভীররাতে উপজেলার তারাবো পৌরসভার পৌর বাজার এলাকায় সন্ত্রাসী শ্রাবন ও নাজমুল ভান্ডারী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। এ সময় এক পক্ষ অপর পক্ষের বাড়িঘর, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বাজারের কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সন্ত্রাসীদের বেপরোয়া হামলার মুখে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হলে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সংঘর্ষে গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বাজার এলাকায় নাশকতা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









