শিশু রামিসাসহ সারা দেশে চলমান খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শুক্রবার (২২ মে) সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সংগঠন দুটির বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার। বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, ইসমাত আরা, উম্মে হালিমা লাবনী, মো. রাকিবুল হাসান, লামিয়া সাইমুন ও নাজলা আক্তার মিম।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, মাদক ও সহিংসতার বিস্তার এবং অপরাধীদের সামাজিক-রাজনৈতিক প্রশ্রয় এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলেও তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় বন্ধ এবং নারী ও শিশুর প্রতি সহিংস মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









