পিরোজপুরের নেছারাবাদে “ফিয়ানা-ফাতেমা” নামে একটি কাঠবোঝাই ট্রলার ডুবে গিয়ে কামাল বাহাদুর (৩৮) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। নিহত কামাল বাহাদুর নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা এবং মো. হালিম বাহাদুরের ছেলে।
শুক্রবার (২২ মে) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরি হায়দারের সহযোগিতায় ট্রলারের কেবিন থেকে মাঝির লাশ উদ্ধার করা হয়।
এরআগে, বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার বালিহারী খালের হাজ্বী আব্দুর রহমানের বাড়ির সামনের ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার দিকে কাঠবোঝাই ট্রলারটি বালিহারী খালের ওই ব্রিজ এলাকায় পৌঁছায়। খালে ভাঁটা থাকায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে বেঁধে রাখা হয়। পরে মাঝি কামাল বাহাদুর ট্রলারের কেবিনে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেলে প্রবল স্রোতের চাপে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় মাঝি কেবিনের ভেতর আটকা পড়ে পানিতে তলিয়ে যান।
পরে শুক্রবার সকালে ট্রলারের মালিক নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. রিফাত ঘটনাটি জানতে পেরে স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে আসেন। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরি হায়দারের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে দুপুরে ট্রলারের কেবিন থেকে কামাল বাহাদুরের মরদেহ উদ্ধার করে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









