নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত এক যুবককে আটকে রেখেছে। পুলিশ ওই যুবককে আটকের চেষ্টা করলেও এলাকাবাসীর বাধায় তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন একই এলাকার হিরো এবং সোহেল।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে হিরোকে পেয়ে আটক করে। অপর অভিযুক্ত সোহেল ওই এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান মুন্সীগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
ঐ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের আটকের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অভিযুক্ত একজনকে এলাকাবাসী আটক করেছে। আমাদের পুলিশ সেখানে গেছে, কিন্তু এলাকাবাসী পুলিশকে ঢুকতে দিচ্ছে না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









