শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের কৃষক মো. মালেক (৫০) ও সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মানোয়ারা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জে ঝড় শুরু হলে মাঠের জমিতে কেটে রাখা ধান এক জায়গায় জড়ো করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান কৃষক মালেক। অন্যদিকে সদর উপজেলার গিধনিপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









