গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কার পর যাত্রীবাহী বাসের সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপের হেলপার। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালবাতান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থেকে একটি কারখানার মালামাল বোঝাই পিকআপ গোড়াই এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে কালিয়াকৈরের গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে চলন্ত একটি ট্রাক হঠাৎ গতি নিয়ন্ত্রণ করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এ সময় পেছন থেকে আসা সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপ চালক নাসির উদ্দিন নিহত হন। গুরুতর আহত হন তার সহকারী। দুর্ঘটনায় পিকআপ ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









