ময়মনসিংহের ত্রিশালে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) দুপুরে ত্রিশাল উপজেলার বৈলর কানহর মোড় সংলগ্ন ধরার খাল পুনঃখনন উদ্বোধনস্থলে এসে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলে আসার পথে রাস্তার পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অভিনন্দন জানান বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা।
এর আগে সকাল ১১টা ০৫ মিনিটে রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সড়ক পথে ময়মনসিংহে ত্রিশালের উদ্দেশ্যে রওনা করেন তিনি।
খাল পুনঃখনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ত্রিশালবাসীর মধ্যে এখন উৎসবের আমেজ এবং আকাশচুম্বী প্রত্যাশা।
এদিকে প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্মে পুলিশ সদস্য, সেনাবাহিনী ও ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









