নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের উমেদার, মুহুরি ও আদালতের কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ মহোদয় বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন। তিনি জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ২-এ বিচারাধীন দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২-এর রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে যায়।
নথি ফেরত দেওয়ার বিনিময়ে আদালতের এক কর্মচারীর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নওগাঁ সদরের শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করে দেয়।
আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ২-এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং কোর্টের মুহুরি সবুজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আকাশ আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করেছে। এ ঘটনায় আর কারা জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









