মায়ের কোলজুড়ে নতুন অতিথি আসার অপেক্ষায় ছিল পরিবার। আর মাত্র কয়েক মাস পরই পৃথিবীর আলো দেখার কথা ছিল অনাগত শিশুটির। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। রহস্যজনক মৃত্যুতে একসঙ্গে থেমে গেল মা ও অনাগত সন্তানের জীবন।
গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার (২৭) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রাজু আহাম্মদ (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার (২৩ মে) ভোরে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাকিলা আক্তার দিনাজপুর জেলার বিরামপুর থানার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে। অন্যদিকে আটক রাজু আহাম্মদের বাড়ি রংপুর জেলার কাউনিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে শাকিলা ও রাজুর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করে শ্রীপুর পৌর এলাকার আনসার রোডে আমিনুল ইসলামের ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। স্বামী-স্ত্রী দুজনই স্থানীয় ভিনটেক্স ডেনিম লিমিটেড নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত শাকিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের বড় বোন সাবিনা ইয়াছমিন জানান, শনিবার ভোরে তারা শাকিলার মৃত্যুর খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে শাকিলার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তিনি অভিযোগ করে বলেন, ‘‘স্বামী-স্ত্রী একই ঘরে থাকতেন। তাহলে শাকিলা ফাঁসিতে ঝুলে থাকার সময় রাজু কোথায় ছিল? বিষয়টি রহস্যজনক।’’
এদিকে নিহতের স্বামী রাজু আহাম্মদ দাবি করেন, রাতে তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিলা বটি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করলে তিনি ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে ছাদে চলে যান। পরে ফিরে এসে ঘরের ভেতরে শাকিলাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









