দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত খনির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
পরে শ্রমিকদের পক্ষ থেকে খনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। এ সময় শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রাহেনুল ইসলাম বলেন, “ঈদের আগে শ্রমিকদের বোনাস পরিশোধ না করা হলে খনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা শ্রমিক এখানে ঈদ করবো।”
সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, “পেট্রোবাংলার কিছু কর্মকর্তার কারসাজির কারণে প্রায় দেড় কোটি টাকার বোনাস আটকে রাখা হয়েছে। গত জানুয়ারিতে খনির ভূগর্ভস্থ ১৪০৬ নম্বর কোল ফেইসের কয়লা উত্তোলন শেষ হলেও এখনো শ্রমিকদের কোল ফেইস বোনাস দেওয়া হয়নি। প্রতিটি কোল ফেইসের কয়লা উত্তোলন শেষে প্রায় ১ হাজার ৩০০ শ্রমিককে জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা করে বোনাস দেওয়া হতো।”
তবে, সম্প্রতি এ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এছাড়াও বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রহেনুর রহমান এবং আন্দোলন পরিচালনা কমিটির সদস্য সচিব আশরাফুল আলম।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহ আলম জানান, পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে খনি শ্রমিকদের বোনাস দেওয়ার জন্য তিনি সুপারিশ করেছেন। দ্রুত এ সংকটের সমাধান হবে বলে আশা করছেন তিনি । আইনগত জটিলতার কারণে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সাময়িকভাবে কোল ফেইস বোনাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









