রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (২৩ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
ডেপুটি সলিসিটর (জিপি-পিপি) মো. রফিকুল ইসলামের সই করা ওই আদেশে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ৪৯২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে এই দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পল্লবী থানায় মামলা দায়েরের পর পুলিশ মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহেল রানা ইতোমধ্যে আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিশেষ পিপি আজিজুর রহমান দুলু বলেন,
"বর্তমান সরকার যে উদ্দেশ্যে আমাকে নিয়োগ দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









