লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমাল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে স্বপ্না বেগম ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। বাবার বাড়ির পাশেই ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের বাড়িতে কেউ না থাকায় সেখানেই ছিলেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, শনিবার রাতে ওই বাড়িতে ঘুমাতে যান স্বপ্না। রবিবার সকালে দীর্ঘক্ষণ তার কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বাড়ির গেট খোলা অবস্থায় দেখতে পান। ভেতরে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









