ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (২৫ মে) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটির ইঞ্জিন সচল হলে সেটি মশাখালী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে, সকাল সোয়া ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর উপজেলার হাতিখলা নামক স্থানে ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর হাতীখলা এলাকায় পৌঁছালে এর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীরা যৌথভাবে চেষ্টা চালিয়ে ইঞ্জিনের ত্রুটি মেরামত করে তা সচল করেন। ইঞ্জিন সচল হওয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, ইঞ্জিন বিকলের কারণে কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









