বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বড় ছেলে মো. ফিরোজ মাহমুদ (৩৬), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের একমাত্র কন্যা জান্নাত আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে পরিবারের তিন সদস্য ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহি ছিলেন। বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে তিনজনকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবরে উজিরপুর এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও অতিরিক্ত গতির কারণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









