টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ছয়জনকে পাশাপাশি দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া।
এর আগে সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। মঙ্গলবার ভোরে মরদেহগুলো রাজেন্দ্রবাটি গ্রামে পৌঁছায়। এছাড়া নওগাঁর নিহত ১০ জনের মধ্যে চারজনকে তাদের নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।
নওগাঁর নিহতরা হলেন- মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), বারিক (২১), বাদশা (৩২), ইয়াকুব (২০), তারেক (২০) ও মাইনুল (৩৫), পাকুরিয়া গ্রামের গিয়াস (২০) ও তার ভাই মাইনুল (২৮) এবং নিয়ামতপুর উপজেলার রামগাঁ এলাকার সুজন (৩৫)।
মঙ্গলবার সকালে রাজেন্দ্রবাটি গ্রামে দেখা যায়, আশপাশের গ্রাম থেকে খাটিয়া এনে মরদেহগুলো দাফনের প্রস্তুতি চলছে। সারিবদ্ধভাবে রাখা ছয়টি খাটিয়ায় মরদেহ রাখা হয়। শেষবারের মতো স্বজনদের দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের মানুষ।
জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
এ সময় বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ বলেন, ‘‘নিহত পরিবারগুলোর প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও শুকনা খাবার দেওয়া হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এক গ্রামের এত মানুষ একসঙ্গে প্রাণ হারানো মর্মান্তিক। প্রশাসন পরিবারগুলোর পাশে থাকবে।’’
সোমবার (২৫ মে) ভোর চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলায়। তারা সবাই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









