‘কফি উইথ করণ’ ৯ম সিজনের প্রথম পর্বে উপস্থিত হওয়ার কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামে নিজের ও ৯১ বছর বয়সী বাবা সেলিম খানের একগুচ্ছ আবেগঘন ছবি শেয়ার করেছেন সালমান খান। ছবিগুলোতে বাবা-ছেলেকে একই রকম ‘কাউবয় হ্যাট’ পরে দেখা গেছে।
ছবির ক্যাপশনে সালমান লেখেন, ‘‘কেমন আছ, সঙ্গী? ৯১ বছর বয়সে! বাবা মানেই বাবা। তিনিই আসল ‘মনস্টার’। আমাদের সকলের বাবাই শক্তিশালী...। এটা আর একটা দিন নয়, বরং জীবনের একটি দিন কমে যাওয়া। বুঝতে পারছ? ঈশ্বর সদয় হয়েছেন।
পোস্টটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ সলমনকে ‘ক্যাপশন কিং’ বলে অভিহিত করেছেন, কেউ আবার বাবা-ছেলের সম্পর্কের প্রশংসা করেছেন।
ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, কর্মজীবনের পরামর্শের জন্য তিনি এখনও বাবার কাছেই যান।
তিনি বলেন, ‘‘আজও কোনও বিষয়ে দ্বিধায় থাকলে আমি সবসময় বাবার কাছে যাই। উনি যা বলেন, আমি তা-ই করি। সাধারণত মানুষ পরামর্শ চাইতে আসে, তারপর নিজের ইচ্ছামতোই কাজ করে। আমার ক্ষেত্রে তেমনটা হয় না।’’
সালমান পরবর্তীতে অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি’ ছবিতে চিত্রাঙ্গদা সিংয়ের বিপরীতে অভিনয় করবেন। ছবিটি এ বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া দিল রাজুর প্রযোজনায় একটি ছবিতেও দেখা যাবে তাকে, যার নাম শোনা যাচ্ছে ‘মনস্টার’। পরিচালনা করছেন বামশী পাইডিপাল্লি, আর প্রধান ভূমিকায় রয়েছেন নয়নতারা। ছবিটির শুটিং চলছে এবং ২০২৭ সালের ঈদে এটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









