চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ঈদুল আজহা উপলক্ষে আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
সোমবার (২৫ মে) আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (২৮ মে) মুসলিম উম্মাহর সর্বোচ্চ ত্যাগ ও মহিমার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে মঙ্গলবার (২৬ মে) থেকে মঙ্গলবার (২ জুন) পর্যন্ত উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে।
এ সময়ের মধ্যে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। ফলে বন্দরের আমদানি রপ্তানি এবং সিঅ্যান্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদ পরবর্তী আগামী বুধবার (৩ জুন) থেকে সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।
তিনি আরও বলেন, ‘‘সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাথে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে ঈদের ছুটিকালীন এ কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সকল পক্ষকে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। তবে বন্ধের এই দীর্ঘ সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।’’
এদিকে ঈদের ছুটির সময় মূল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও লোড-আনলোড, গুদামজাতকরণ ও পরিবহনসহ কিছু অভ্যন্তরিণ কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে বলে জানিয়েছেন বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









