বরগুনার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। নিহত আজাদ (২৭) টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৬ মে) সকালে আমতলী উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. গোলাম মোস্তফা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের দোয়া নামের একটি পিকআপ ভ্যানে টাঙ্গাইল থেকে বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে যাত্রা করা হয়। পথে চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সজোরে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের ভেতর থেকে হেলপার আজাদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. গোলাম মোস্তফা বলেন, ‘‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।’’
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘‘পিকআপ ভ্যানটির সামনের বাম পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









