লালমনিরহাটে পাটগ্রামের ৪ বাংলাদেশি যুবককে কাজের ভিসায় উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে রাশিয়ান সেনাবাহিনীতে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পাটগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তিভোগী পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাজমুল আলম সৌমিকের বড় বোন আইরিন আক্রার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার ছোট ভাই নাজমুল আলমসহ আল মামুন, আল আমিন ও মেহেদী হাসানের পরিবারের পক্ষ থেকে জানাই, কয়েকদিন পূর্বে বিবাদী জামায়াতে ইসলাম পাটগ্রাম উপজেলা যুব বিভাগের সভাপতি ইউনুস আলী, জামায়াতের পাটগ্রাম পৌর শাখার সভাপতি সোহেল রানা এবং তার দোকানের কর্মচারী মাহিন এই তিন ব্যক্তি বিদেশে চাকরির দেওয়ার কথা বলে প্রতারণা করে আমার ভাইসহ চার জনের কাছে ৩৬ লাখ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে প্রতারকের প্রস্তাবে রাজি হলে গত ৭ মে তাদের কাজের উদ্দেশে সূদূর রাশিয়ায় পাঠায়। সেখানে অবস্থান করার পর প্রতারক ইউনুস, মাহিন ও রানার পরামর্শে ঐ দেশের দালাল চক্রের সদস্যগণ তাদের ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়, বর্তমানে তারা ইউক্রেনের দখলকৃত স্থানে সেনাবাহিনীর জিম্মায় রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “আমার ভাইসহ সংঙ্গীয় চার জন সুদূর রাশিয়ায় ঝুকিপূর্ণ ও মর্মান্তিক অবস্থায় আছে। তারা প্রত্যকেই সহজ সরল ও নিরীহ শান্তিপ্রিয় মানুষ। প্রতারকগণ বিদেশে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন প্রকার লোভ-লালসা দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছে , তাই তাদের আইনের আওতায় এনে প্রত্যককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনের জন্য আবেদন করছি।”
অভিযোগের বিষয়ে ইউনুস আলী সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









