বগুড়ার সারিয়াকান্দিতে অসীম ত্যাগ ও সাহসিকতার প্রতীক ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমইয়া ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় বক্তারা জুলাই বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের আত্মত্যাগের নানা দিক তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, “আজকের এই দিনে আমরা সেই বীর সন্তানদের স্মরণ করছি যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই রক্তদান আমাদের দেশপ্রেম ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়।”
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত ব্যক্তিরা মঞ্চে এসে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভয়াবহ সেই দিনগুলোর কথা বলতে গিয়ে অনেকে আপ্লুত হয়ে পড়েন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেন সরদার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার হোসেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ জহুরুল ইসলাম, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন। তাঁরা বলেন, শহিদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহিদ পরিবারের সদস্য এবং আহতদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সরকারি স্বাস্থ্যসেবা প্রদান, পুনর্বাসন সহায়তা এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









