সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৩টি গ্রামে মানুষ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছে।
বুধবার (২৭ মে) সকাল ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি।
ঈদের জামাতের ইমাম হাফেজ ওমর ফারুক বলেন, ‘‘কোনো দেশকে ফলো করে নয়, সহি হাদিসকে মেনে আজ ঈদুল আজহা উদযাপন করছি। আমরা এই নিয়মে গত ১০ বছর যাবৎ ঈদ উদযাপন করছি।’’
গিরদান মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দিন বলেন, ‘‘আমরা গিরদান মসজিদ নির্মাণের পর থেকে এ মসজিদে সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি। যেহেতু আল্লাহ তায়ালা পৃথিবীতে একটি চাঁদ ও একটি সূর্য সৃষ্টি করেছেন তাই আমরা বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সে অনুযায়ী ঈদ পালন করে থাকি।’’
বাংলাবাজার ছাড়া অন্য যেসব স্থানে ঈদের জামাত আদায় করা হয়েছে- সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিম পাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড় বাড়ি, পূর্ব গজারিয়াপাড়া, বারদী ইউনিয়নে চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নে আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া, শামপুর কলতাপাড়া গ্রাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









