সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮টি গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন।
বুধবার (২৭ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, নিজ হাওলা, উত্তর পশুরবুনিয়া, সেনের হাওলা, চর যমুনা এবং ছোট বাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়াসহ মোট টি গ্রামে এ উপলক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।
সকাল ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার ছয়টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পশুরবুনিয়া এলাকায়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
জানা যায়, এসব এলাকার বাসিন্দারা কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারী এবং তারা চট্টগ্রামের জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসরণে প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন।
স্থানীয় অনুসারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এ ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় ও কোরবানির প্রস্তুতি গ্রহণ করেছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









