পার্বতীপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি হওয়া ৬৪০ ফুট অ্যালুমিনিয়াম ক্যাবল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে নেসকো পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানা পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার লিয়াকত আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪), সরকারপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. সেলিম (৩৫) এবং হলদীবাড়ী নিউ কলোনির মোহাম্মদ আলীর ছেলে মিজানুর রহমান।
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার হাবড়া চৌপতি বাজার এলাকা থেকে একটি চার্জার ভ্যানে থাকা দুটি চটের বস্তাভর্তি ৬৪০ ফুট বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তারের বাজারমূল্য প্রায় ৭১ হাজার টাকা। এ সময় ক্যাবল কাটার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘চুরি হওয়া বৈদ্যুতিক অ্যালুমিনিয়াম ক্যাবল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









