বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ভেতরের দিঘিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাতে মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
ঈদুল আজহার আগে মামাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু হলেন, আরাফাত মল্লিক (১০) ও আকাশ (১০)।
আরাফাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে এবং ঢাকার একটি মাদ্রাসার ছাত্র। অন্যদিকে, আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে ও বরিশাল নগরীর ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
নিহত আরাফাত মল্লিকের মামা সুরুজ মিয়া জানান, আরাফাত তার বাবা-মায়ের সাথে ঢাকায় থাকত। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে গত সোমবার (২৫ মে) ঢাকা থেকে বরিশালে মামাবাড়িতে বেড়াতে এসেছিল সে। মঙ্গলবার দুপুরে বন্ধু আকাশের ডাকে সাড়া দিয়ে সে বাসা থেকে বের হয়।
বিকেলে তারা বাসায় না ফেরায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে পরিবার জানতে পারে, দুপুরে তারা দুজনই মেডিকেল কলেজের দিঘিতে গোসল করতে গিয়েছিল। এরপরই সেখানে তল্লাশি শুরু হয়।
আকাশের চাচা মাসুদ জানান, আকাশ বরিশাল নগরীর বান্দরোডস্থ চরের বাড়ি এলাকায় তাদের সাথেই বসবাস করত। মঙ্গলবার দুপুরে পরিবারের সবার অজান্তে সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফেরেনি। রাতে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন যে, মেডিকেল কলেজের দিঘি থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল নৌ ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে দিঘিতে শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘির ঘাটলায় পৌঁছায়।
খবর পাওয়ার পরপরই ডুবুরি শাহিনের নেতৃত্বে দিঘির পানিতে বিশেষ উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে রাত ১০টার দিকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হই আমরা।
উদ্ধার অভিযান শেষে আইনি প্রক্রিয়া মেনে নিহত দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন। একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো হাসপাতাল এলাকা ও নিহতের স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









