সিলেটের কোম্পানীগঞ্জে একদল সন্ত্রাসীর নৃশংস হামলায় গুরুতর আহত শ্রমিকনেতা আবুল হোসেন (৩৪) মারা গেছেন।
বুধবার (২৭ মে) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে।
আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ধোপাগুল এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন। পথে উপজেলার খাগাইল গ্রামে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে তিনি মৃত্যুর কাছে হার মানেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা গেছেন। এই নৃশংস হামলার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









