ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অসহায়, দুঃস্থ ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে উপজেলার ৩৩১ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
তিনি বলেন, “সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সমাজের কোনো মানুষ থেকে দূরে না থাকে, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন।”
বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান জুড়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন। মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ঈদের আগে এমন সহায়তা দরিদ্র পরিবারের জন্য অনেক বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









