মুষলধারে বৃষ্টির মধ্যেই হাজার হাজার মানুষের অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় জামাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়। এতে খোলা মাঠে নামাজে অংশগ্রহণকারীরা ভিজে যান।
এবার ঈদ জামাত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
শোলাকিয়া মাঠের ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে পরপর তিনবার বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে নামাজ শুরুর সংকেত দেওয়া হয়। জামাত শুরুর ১০ মিনিট আগে তিনটি, পাঁচ মিনিট আগে দুটি ও সর্বশেষ এক মিনিট আগে একটি গুলি ছোড়া হয়।
১৮২৮ সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসাবে এটি ছিল শোলাকিয়া ময়দানে কোরবানির ঈদের ১৯৯তম জামাত।
জামাত ও খুতবা শেষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদ সদস্য মাজহারুল ইসলাম, পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ খান সোহেলসহ জনপ্রতিনিধি, উচ্চপদস্থ কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দ এই ঈদ জামাতে অংশ নেন।
ঈদ জামাতে দূর-দূরান্তের মানুষদের যাতায়াতের জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল রেল কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ট্রেন ছেড়ে আসে ময়মনসিংহ থেকে এবং অপরটি ছেড়ে আসে ভৈরব থেকে। জামাত শেষে ট্রেন দুটি পুনরায় ময়মনসিংহ ও ভৈরব ফিরে যায়।
শোলাকিয়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ বলেন, এবারের ঈদ জামাতে আনুমানিক ২০ থেকে ৩০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
তিনি বলেন, কোরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার জামাতে মানুষের উপস্থিতি কম হয়ে থাকে।
মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির ওপর এই ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেন।
ওই বছর অনুষ্ঠিত প্রথম ঈদের জামাতে প্রায় সোয়া লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন। সেই থেকেই মাঠটির নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। পরবর্তীতে উচ্চারণের পরিবর্তনে সেটিই আজকের ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়।
প্রায় সাত একর আয়তনের এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে একসঙ্গে দুই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মাঠটিতে রয়েছে ২৬৫টি কাতার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









