বিশ্বজুড়ে চলমান যুদ্ধ-বিগ্রহ ও ভূরাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘পবিত্র ঈদুল আজহার এই মহাসমাবেশ থেকে আমাদের প্রার্থনা করতে হবে, যেন সারা পৃথিবীতে ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়।’’
বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ‘দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ ময়দানে’ ঈদুল আজহার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘‘সমগ্র বিশ্ব এখন এক চরম অস্থিতিশীল ও ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশ্বজুড়ে যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষসহ নানা সংকট মানবতাকে বিপন্ন করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের মুসলিম ভাই-বোনদের ওপর যে নির্মম ও অমানবিক অত্যাচার চালানো হচ্ছে, তা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়। তাই পবিত্র ঈদুল আজহার এই মহাসমাবেশ থেকে আমাদের প্রার্থনা করতে হবে, যেন সারা পৃথিবীতে ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়।’’
ঈদুল আজহার শাশ্বত তাৎপর্য ও মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘‘পবিত্র ঈদুল আজহা কেবল পশু কোরবানি নয়, এটি মূলত আত্মশুদ্ধি এবং সর্বোচ্চ আত্মোৎসর্গের এক মহান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে কীভাবে ত্যাগের মানসিকতা ধারণ করতে হয়, এই উৎসব প্রতিবছর আমাদের সেই শিক্ষাই দেয়।’’
দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করি, যেন মহান আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক ঐক্য, ত্যাগ এবং সহমর্মিতার সুমহান চেতনায় উদ্বুদ্ধ করেন। একই সাথে তিনি যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সব ষড়যন্ত্র কাটিয়ে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার শক্তি দান করেন।’’
গৌরনদীর এই প্রধান ঈদ জামাতে তথ্যমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি, ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তি এবং বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তাৎপর্যপূর্ণ এই মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান। নামাজ ও মোনাজাত শেষে তথ্যমন্ত্রী সাধারণ মুসল্লিদের সাথে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









